কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
'মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঝিনাইদহ রেড ক্রিসেন্টের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের সেক্রেটারি আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান সুজন, জিয়াউল ইসলাম ফিরোজ, নাজিম উদ্দীন জুলিয়াস, তহুরা খাতুন, ইউনিট অফিসার এবং যুব প্রধান ফয়সাল ইসলাম।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। তাদের এই মহান আদর্শ ও ত্যাগের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।