কয়রা (খুলনা) প্রতিনিধি
লবণাক্ততা অধ্যুষিত উপকূলীয় অঞ্চলের মানুষের সুপেয় পানির সংকট নিরসনে রেইন ওয়াটার হার্ভেস্টিং পদ্ধতির আওতায় সুপেয় পানির সংকটে থাকা পরিবারের মাঝে ৩ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কয়রা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১২টি পরিবারের মাঝে এই ট্যাংক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
এসময় তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের বেঁচে থাকার প্রধান অন্তরায়গুলোর একটি হলো সুপেয় পানির অভাব। এই জনপদে দীর্ঘদিন ধরে নিরাপদ পানীয়জলের অভাব একটি বড় সমস্যা। বিশেষ করে শুষ্ক মৌসুম ও সুপেয় পানির উৎসের অভাবে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়।
রেইন ওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থার মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করে সুপেয় পানির চাহিদা মেটানো সম্ভব। এই উদ্যোগের ফলে স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কাজ আরও সম্প্রসারিত করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ উত্তর বেদকাশী ইউনিয়নে ইটের ২ টি সলিং রাস্তার উদ্বোধন করেন। এছাড়া মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া মধ্যপাড়া হযরত ওমর (রাঃ) জামে মসজিদের মুসল্লীদের সাথে ও মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করার পর অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।