স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে আলাদা দুইটি নাশকতার মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, শহরের পুরাতন কসবা নিরিবিলি পাড়ার কাজী আব্দুস সাত্তার দুলালের ছেলে হাসান বশির রিতু এবং সদর উপজেলার বসুন্দিয়া মোল্লাপাড়ার মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে হারুন অর রশিদ (৬০)।
কোতোয়ালি থানার এসআই অমিত কুমার ঘোষ জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর রাজারহাট মোড়ে একটি রাষ্ট্রবিরোধী মিছিল হয়। এই ঘটনায় ২শ’ জনের বিরুদ্ধে মামলা হয়। এ মামলার সন্দেহভাজন আসামি রিতু। তাকে গত সোমবার আটক করা হয়।
অন্যদিকে বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জেল হোসেন জানিয়েছেন, ৫ জুন দিবাগত রাত দেড়টার দিকে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে গোপন বৈঠক হয়। সেখান থেকে জঙ্গলবাঁধাল ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ভাংচুর করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। ওই মামলার সন্দেহভাজন আসামি হারুন অর রশিদকে আটক করা হয়েছে।
পুলিশ আরো জানায়, আটক দুইজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।