স্টাফ রিপোর্টার
, যশোর
মোটরসাইকেল চুরির অভিযোগে যশোরে পিতা ও দুই ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোর শহরতলীর শেখহাটি দক্ষিণপাড়ার হারুন অর রশিদের ছেলে হিমেল হোসেন বাদশা মামলাটি করেছেন সোমবার দিবাগত রাতে।
অভিযুক্তরা হলেন, শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড়ের টগর ও তার দুই ছেলে বর্ষণ এবং প্লাবন, ঝুমঝুমপুর লিচুতলার মুনসুর আলীর ছেলে মিরাজ এবং ঝুমঝুমপুর পূর্ব পাড়ার আব্দুল কাদেরের ছেলে মিন্টু।
হিমেল হোসেন বাদশা তার এজাহারে উল্লেখ করেন, তার টিভিএস কোম্পানির এপাচি ব্র্যান্ডের একটি মোটরসাইকেল (যশোর ল-১৬-৮২৯০) আছে। ২৭ জুলাই দুপুর একটার সময় শেখহাটি দক্ষিণপাড়ার হিরুর বাড়ির সামনে মোটরসাইকেলটি লক করে তিনি বাড়ির ভেতর যান। আধঘণ্টা পর এসে দেখেন মোটরসাইকেলটি নেই। খোঁজ নিয়ে জানতে পারেন অভিযুক্তরা তার মোটরসাইকেলের লক ভেঙ্গে নিয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় লোকজন আসামিদের কাছে গেলে তারা মোটরসাইকেলটি ফেরত দেবে বলে অঙ্গীকার করে। কিন্তু পরে আজ না কাল বলে ঘুরাতে থাকে। এই কারণে তিনি মামলাটি করেছেন।