অভয়নগর (যশোর) প্রতিনিধি:
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে মৎস্যচাষে বিশেষ অবদানের জন্য চারজন সফল মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এবং জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. মহিউল ইসলাম ও সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
দেবাশীষ দাস নান্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার।
আলোচনা সভা শেষে মৎস্যচাষে বিশেষ অবদানের জন্য সফল চার চাষি কাজী নিজাম উদ্দিন আকুঞ্জি, মোশারফ হোসেন, শরিফুল ইসলাম ও নূর জালালকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
পরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এর আগে ‘জাতীয় মৎস্য পক্ষ সফল হোক’ স্লোগানে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা অংশ নেন।