কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতকে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে আগামী তিন বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা হবে।
মন্ত্রী রোববার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, যন্ত্রপাতি ও ওষুধ স্টোর ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
এসময়ে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী ঝিনাইদহ সদর হাসপাতালে যান। সেখানে বিভিন্ন ওয়ার্ড, খাবারের স্থান ও প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখেন। এসময় তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও গাছ লাগানো দেখে সন্তষ্টি প্রকাশ করেন। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মুস্তাফিজুর রহমান চিকিৎসক সংকটের বিষয়টি জানালে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্যখাতকে গতিশীল করতে দেশে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জেলার মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আউটসোর্সিংয়ে কর্মরত যেসব ব্যক্তি এখনো বেতন পাননি, তাদের বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য সমস্যাও দ্রুত সমাধান করা হবে।