দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. আ. সালাম। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন দপ্তর ও ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
এ সময় সিভিল সার্জন ডা. মো. আ. সালাম বলেন, আগের তুলনায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে অনেক সুযোগ-সুবিধা বেড়েছে। একই সঙ্গে হাসপাতালে রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে কিছু সমস্যা এখনো রয়েছে।
তিনি বলেন, হাসপাতালের রোগীদের খাবার সরবরাহে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে তাগিদ দেওয়া হলেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল সার্জন আরও বলেন, বর্তমানে হাসপাতালে সিজারিয়ান কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম সেবাও চালু আছে। রোগীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এবং অ্যাম্বুলেন্স সেবাও দেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে হাসপাতালের কয়েকটি দপ্তরে কিছু ত্রুটি পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল জামান।