দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে সাতক্ষীরার দেবহাটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ফেসবুকে ভিডিও বার্তাসহ বিভিন্ন কর্মসূচির প্রতিবাদ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকালে সর্বদলীয় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের উদ্যোগে উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সখীপুর বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সর্বদলীয় ফ্যাসিবাদী ঐক্যের আহ্বায়ক মাসুদ আল আজমের সভাপতিত্বে জুলাইযোদ্ধা আজহারুল ইসলাম ও মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন পারুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য মনি আহম্মাদ, জাতীয় ছাত্রশক্তি সাতক্ষীরা জেলার যুগ্ম সদস্যসচিব মুজাহিদ বিন ফিরোজ, সংগঠক মো. আব্দুল্লাহ, দেবহাটা উপজেলা শাখার আহবায়ক মাহফুজুল আলম জীবন, সর্বদলীয় ফ্যাসিবাদী ঐক্যের সদস্যসচিব সাদিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, জুলাইযোদ্ধা মিজানুর রহমান, শাহিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের প্রকাশ্য কার্যক্রম ও উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।