লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সরকারি কার্যক্রমের অগ্রগতি, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে লোহাগড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ইউএনও এসএম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, বিশেষ অতিথি নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
সভায় বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর কাজ গুরুত্বের সঙ্গে তদারকি করতে হবে। কাজ ও সরকারি সেবার মান বাড়ানোর পাশাপাশি সাধারণ নাগরিকদের সেবা নিশ্চিত করতে হবে।
তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারি সেবাকে সহজ ও কার্যকর করতে কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় লোহাগড়া উপজেলার কৃষিবিদ মুনমুন সাহা, প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসিম, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মাসুম খান, প্রকল্প কর্মকর্তা মো. আলী আকবর, খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত মজুমদার, আইসিটি কর্মকর্তা মো. ইমরান হোসাইন, শিক্ষা কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মহিলাবিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং নাগরিক সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় শেষে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম উপজেলা পরিষদ চত্বরে একটি একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।
পরে বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন শেষে বিকালে খুলনার উদ্দেশে লোহাগড়া ত্যাগ করেন।