স্টাফ রিপোর্টার
, যশোর
ছেলে আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে পরিবারের অর্থ-সম্পদ আত্মসাৎ, জমি দখল, মিথ্যা মামলা ও সার কালোবাজারির অভিযোগ করেছেন বাবা মো. আব্দুস সবুর।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আব্দুস সবুর। তিনি অভিযোগ করেন, আতিকুর রহমান লেন্টু তার চাচা, ভাই-বোন ও চাচাতো ভাইদের ব্যবসায়িক অর্থ ও সম্পদ অবৈধভাবে ভোগদখল করছেন। এসব অর্থ-সম্পদ ফেরত চাইলে পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে। বর্তমানে এ ধরনের মামলার সংখ্যা ১২টি বলেও দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে আব্দুস সবুর আরও বলেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আতিকুর রহমান তাকে ও তার ছোট ভাইকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। বাবাকে মারধরের ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে বলেও দাবি করেন তিনি। পরিবারের অর্থ-সম্পদ ফেরত ও মিথ্যা মামলার প্রতিকার চেয়ে যশোরের পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন তিনি। তার দাবি, সংশ্লিষ্ট অর্থ-সম্পদের মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
আব্দুস সবুর আরও অভিযোগ করেন, সার ডিলার হওয়ার পর আতিকুর রহমান অবৈধভাবে সার বিক্রির সঙ্গে জড়িত হয়েছেন। তার দাবি, এ সময় তিন দফায় যথাক্রমে ৩৭, ২৭১ ও ১৫ বস্তা সার নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে জব্দ করা হয়। প্রতিবারই অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং সর্বশেষ ঘটনায় তার ডিলারশিপ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
এ ছাড়া মহেশপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ইজারা নিয়ে অনিয়ম ও বিশৃঙ্খলা এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগও করেন আব্দুস সবুর। চৌগাছা মডেল মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ ও টেন্ডার হওয়ার পর আতিকুর রহমান হাইকোর্টে রিট করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুস সবুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, অর্থ-সম্পদ ফেরত এবং অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আতিকুর রহমানের ছোট ভাই শফিকুল ইসলাম, চাচাতো ভাই তরিকুল ইসলাম, কাকোনা বেগম ও আজমির রহমান।
অভিযোগের বিষয়ে আতিকুর রহমান লেন্টু বলেন, তার বাবা অসুস্থ। পরিবারের সদস্যরা তাকে ভুল বুঝিয়ে প্রেসক্লাব যশোরে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছেন।