কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পার্লার থেকে বাড়ি ফেরার পথে তমা খাতুন (২০) নামের এক তরুণীকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত তমা খাতুন ভেড়ামারার গোলাপনগর এলাকার তোফাজ্জেল হোসেনের মেয়ে। তিনি ফকিরাবাদ বখশীপাড়ার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোলাপনগর বাজারের পার্লার থেকে সেজে নিজ বাড়ি ফকিরাবাদ বখশীপাড়ায় ফিরছিলেন তমা। পথে একটি মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ শেষে রাত ১২টার দিকে পার্শ্ববর্তী বখশীপাড়া এলাকার একটি রাস্তার মোড়ে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরবর্তীতে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাত ১টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে গোলাপনগর এলাকার আবু বক্করের সঙ্গে তমার বিয়ে হয়। দেড় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। তমাকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় তার সাবেক স্বামী বক্করের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গত বুধবার (১৬ সেপ্টেম্বর) নিহত তমার মা কাজলী খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।
নিহতের মামাতো ভাই হাবিবুর রহমান জানান, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর গোলাপনগর বাজার থেকে তাকে অপহরণ করা হয়। সংঘবদ্ধ একটি দল তাকে ধর্ষণের পর মুমূর্ষু অবস্থায় বাড়ির পাশের একটি রাস্তার মোড়ে ফেলে যায়। চার দিন হাসপাতালে লড়াইয়ের পর তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহত তমার সাবেক স্বামী আবু বক্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।