সাতক্ষীরা প্রতিনিধি
সুবর্ণভূমি—
ছবি:
শিশু অপ্রতিমসহ নিরপরাধ শিশু হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার চত্বরে বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয় মানবাধিকার সংগঠন স্বদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা, মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন, এইচআরডিএফ, এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, হিউম্যান রাইটস ল’ইয়ার্স ফোরাম, এইচআরডি নেটওয়ার্ক, উত্তরণ সাতক্ষীরা, সিডো, হেড, ক্রিসেন্ট ইয়ুথ স্কুল গার্লস গ্রুপ, সুন্দরবন ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন।
এ সময় সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
মানবাধিকার সংগঠন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য দেন এমএসএফের সমন্বয়কারী ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সাইদুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আঞ্জুয়ারা মিলি, সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, আব্দুস সামাদ, আবু জাফর সিদ্দিকী, সিডোর পরিচালক শ্যামল বিশ্বাস, এমএসএফ সাতক্ষীরার সমন্বয়কারী অ্যাডভোকেট মনিরউদ্দীন, এমএসএফ ঢাকার সমন্বয়কারী সোফিয়া হাসিন, এমএসএফের সিনিয়র স্টাফ ল’ইয়ার অ্যাডভোকেট নাহিদ শামস, হেডের পরিচালক লুইস রানা গাইন, মো. বায়জিদ হোসেন, নুসরাত জাহান, শেহনাজ পারভিন, জারিন তাসনিন, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক উল এলাহী, সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান এবং ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জীসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু নিখোঁজ ও হত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে নিখোঁজ হওয়ার পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ১৫৫ শিশু নিহত হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯ এবং ধর্ষণের পর ২৬ শিশু হত্যার শিকার হয়েছে বলে জানানো হয়।
বক্তারা আরও বলেন, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হলেও এখনো ২ হাজার ৩৮ শিশু নিখোঁজ রয়েছে।
শিশু নিখোঁজ ও হত্যার ঘটনা বন্ধে সরকারের দৃঢ় ভূমিকা এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন বক্তারা। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যা, ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান ও তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।