মণিরামপুর (যশোর) প্রতিনিধি
শেয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে আটকে যশোরের মণিরামপুরে মশিয়ার মোড়ল (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আম্রুঝুটা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মশিয়ার মোড়ল ওই গ্রামের কেরামত আলী মোড়লের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য দিলীপ সিংহ জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি দোকান থেকে চা-নাস্তা খেয়ে নিজের বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান মশিয়ার রহমান। ওই বাঁশঝাড়ে আগে থেকেই এক প্রতিবেশী শেয়াল মারার জন্য জিআই তার দিয়ে বিদ্যুতের ফাঁদ পেতে রেখেছিলেন। মশিয়ার মোড়ল বিষয়টি খেয়াল না করায় অসাবধানতাবশত সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মোল্যা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।