মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
অবৈধ ভিওআইপি কলিং ডিভাইসসহ মহেশপুরে আওয়ামী লীগের নেতাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ওই দুইজন আটক হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ডিভাইস জব্দ করে ডিবি।
আটক দুইজন হলেন, শ্যামকুড় ইউনিয়নের ৬ নম্ব ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম (৫৪) ও ইউনিয়ন যুবলীগের নেতা শাহেব আলী (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাঘাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। অভিযানকালে ওই বাড়ি থেকে ভিআইপি কলিংয়ে ব্যবহৃত বিপুল সংখ্যক ডিভাইস, দেশি-বিদেশি অবৈধ মোবাইলফোনের সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, আটক দুইজনের বিরুদ্ধে অবৈধভাবে ভিওআইপি ডিভাইস ব্যবহার করার অভিযোগে টেলিকমিউনিকেশন আইন-২০০১ এর অধীনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক দুইজন ছাড়াও মামলায় আরো দুইজনকে আসামি করা হবে। ডিভাইসগুলো বাংলাদেশ টেলি কমিউনিকেশন অথরিটিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠাবো। সেখানকার বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।