স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে সড়ক দুর্ঘটনায় হোসাইন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন মথরাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
নওয়াপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জামতলা বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল হোসাইন। জামতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তার বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।