খুলনা অফিস
খুলনা মহানগরীতে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত পৃথক সাতটি জায়গায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাতে দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
এক দিনে একাধিক জায়গায় এমন গুলির ঘটনায় পুরো নগরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দৌলতপুর থানার কল্পতরু মাঠের পাশে মো. হালিম (৪০) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হালিম দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারি ও ঘের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
সর্বশেষ মঙ্গলবার রাতে নগরীর টুটপাড়া মওলা বাড়ির মোড় এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা ওই বাড়ির প্রধান ফটক (মেইন গেট) কুপিয়ে ক্ষতবিক্ষত করে।
এর আগে মঙ্গলবার সকালে নগরীর বেলায়েত হোসেন সড়কে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে গুলি ছোড়া হয়। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগায় তিনি প্রাণে বেঁচে যান।
দুপুরে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামের এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই সময় তিনি বাড়িতে না থাকায় কেউ হতাহত হননি।
বিকেল পৌনে ৫টার দিকে পুলিশের নিরাপত্তার আশ্বাসে পুনরায় চালু করা নগরীর ‘দ্য পালংকি’ রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিবর্ষণের পর প্রতিষ্ঠানটির মালিককে মুঠোফোনে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ছাড়া রাত ৮টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজারে পান্না খলিফার দোকান লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত। ঘটনার সময় দোকানের ভেতরে ১০ থেকে ১২ জন ক্যারম খেলছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
অন্যদিকে, রাত ৮টার পর ফুলবাড়ীগেট এলাকায় সোনালী জুট মিলের সামনেও গুলির শব্দ শোনার খবর পাওয়া যায়। তবে পুলিশ ঘটনাস্থলে গুলির কোনো খোসা না পাওয়ায় বিষয়টি নিশ্চিত হতে পারেনি।
খুলনা মহানগর পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।