যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভাষার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:১২ পিএম
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৩৭ পিএম
ভাষার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ভাষা আন্দোলনের গৌরবগাথার দিন একুশে ফেব্রুয়ারি।

বিনম্র শ্রদ্ধা, আলোচনা আর নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার অঙ্গীকারে মুখর ছিল পুরো আয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভা, প্রবন্ধ উপস্থাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভাষার মর্যাদা রক্ষার বার্তা জোরালোভাবে উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতিসত্তার জাগরণ ঘটেছিল, যা পরবর্তীতে স্বাধিকার আন্দোলন এবং মহান স্বাধীনতা যুদ্ধে রূপ নেয়।

তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ করে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি প্রয়োজন অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

শুরুতেই ভাষা দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে একটি বিশেষ প্রবন্ধ উপস্থাপন করা হয়, যেখানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য বিশদভাবে তুলে ধরা হয়।
পরে পুলিশ সুপার প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং সার্বিক প্রশাসনিক বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। তাদের সাফল্য উপস্থিত অভিভাবক ও সুধীজনের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং সেই চেতনাকে ধারণ করে সামনের দিনে এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)