লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম আশরাফ (৫২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আশরাফুল আলম লোহাগড়া শহরের লক্ষ্মীপাশা এলাকার মহিউদ্দিন মোল্যার ছেলে। চিরকুমার আশরাফুল কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
সম্প্রতি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার শরীরে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং সুস্থ বোধ করায় গত শুক্রবার তিনি বাড়ি ফেরেন।
শনিবার সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আশরাফুল আলম আশরাফ ২০১৬ সালে লোহাগড়া পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় জনগণের কাছে একজন জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন।
মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ আসর লক্ষ্মীপাশা মোল্যার মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, আওয়ামী লীগের প্রবীণ নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ, মনিরুল ইসলামসহ নানা শ্রেণি- পেশার মানুষ।
জানাজা শেষে তাকে লক্ষীপাশা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।