ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ও সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে দুইজন মোটরসাইকেলে ঝিনাইদহ শহর থেকে তাদের বাড়ি বিজয়পুরের দিকে যাচ্ছিল। পথে পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছালে একটি থ্রি-হুইলার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া একটি চলন্ত ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার মিরাজুল ইসলাম জানায়, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছুলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
আরাপপুর হাইওয়ে থানার (ওসি) মো. জাহানুর আলী জানান, সন্ধায় মাগুরা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই তরুণ নিহত হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।