ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঈদুল আজহা উপলক্ষে যশোরের ঝিকরগাছায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে ঝিকরগাছা উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান হয়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এমপি। তিনি বলেন, কোরবানি আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত তাৎপর্য।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির হারুন অর রশিদ, মুহাম্মদ নজরুল ইসলাম খান, অধ্যাপক মশিউর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, আব্দুল হামিদ, আলহাজ নিছার উদ্দিন, অ্যাডভোকেট হাবিব কায়সার প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ জানান, সরকারের পক্ষ থেকে উপজেলার পাঁচশ’ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে জনপ্রতি এক হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন।