খুলনা অফিস
কয়রায় গরু বোঝাই নছিমন উল্টে মিজানুর রহমান (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা সামছুর রহমানের ছেলে। এই দুর্ঘটনায় নিহতের সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহসহ আরও তিনজন আহত হন।
অন্য আহত দু’জন হলেন, একই গ্রামের আতিয়ার রহমান ঢালী (৪৭) ও আবুল সানা (৬০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মিজানুর রহমান নিজের খামারের গরু নছিমনে বোঝাই করে উপজেলার বাগালী জেআইবি ক্লাব মাঠের গরুর হাটে বিক্রির উদ্দেশে রওনা হন।
নছিমনটি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। এতে নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গাড়ির নিচ থেকে নিহতের লাশ এবং শিশু আব্দুল্লাহসহ বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (জায়গীরমহল) ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, গরুবাহী একটি নছিমন বাগালী হাটে যাওয়ার সময় উল্টে গিয়ে ঘটনাস্থলেই মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
হাটে গরু বিক্রি করে লাভবান হওয়ার স্বপ্ন নিয়ে বের হওয়া এই ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।