ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়নের আশিংড়ী, শিওরদাহ ও নন্দীডুমুরিয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত খালে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে।
এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। তাদের দাবি, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হলে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতার কবলে পড়বে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশিংড়ী গ্রামের বাসিন্দা মোহাব্বত আলী নন্দীডুমুরিয়া মৌজা এবং পার্শ্ববর্তী নাভারণ ইউনিয়নের বায়সা মৌজায় অবস্থিত আফিল ফার্ম সংলগ্ন সরকারি খালের নিচে প্রাচীর নির্মাণ করে মাছ চাষ করছেন। স্থানীয়দের অভিযোগ, খালের মধ্যে এ ধরনের অবকাঠামো নির্মাণের ফলে বর্ষাকালে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে।
নন্দীডুমুরিয়া ও আশিংড়ী গ্রামের একাধিক বাসিন্দা জানান, বর্ষা মৌসুমে খালের পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত না হলে অন্তত তিন থেকে চারটি গ্রামের বিস্তীর্ণ কৃষিজমি ও বসতবাড়ি জলাবদ্ধতার ঝুঁকিতে পড়বে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বাড়বে।
তবে অভিযোগ অস্বীকার করে মোহাব্বত আলী বলেন, খাল দখল করে নতুন কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি। প্রায় ২০ থেকে ২৫ বছর আগে থেকেই এখানে পুকুর রয়েছে। এছাড়া আশপাশে আরও অনেকেই মাটি দিয়ে নালা ও বাঁধ তৈরি করেছে। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করার আগে সরেজমিনে এসে বাস্তব অবস্থা দেখে যাওয়ার অনুরোধ করছি।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।