নড়াইল প্রতিনিধি
নড়াইলে আব্দুর রহিম (৪০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে নড়াইল পৌর এলাকার ডুমরতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনি এক গ্রাম্য সালিশে দুই ভাইয়ের মধ্যে বিরোধ মেটাতে গিয়েছিলেন বলে স্থানীয়রা বলছেন।
আহত আব্দুর রহিম ডুমরতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সাধারণ সম্পাদক বলে ওই ওয়ার্ডের জামায়াত আমির হারুন রশীদ নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডুমরতলা গ্রামের ঈদগাহপাড়ার কালিম মোল্যার দুই ছেলে আশিক মোল্যা ও রাজু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিলো। বুধবার (১০ জুন) রাজুর বসতঘরে তার ভাই আশিক হামলা ও ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এ সময় আরও অভিযোগ ওঠে আশিক তার বাবা ও ভাইকে মারধর করেন।
ঘটনায় বিচার চেয়ে রাজু ও তার বাবা স্থানীয়ভাবে সালিশ ডাকেন। সালিশে মীমাংসার জন্য স্থানীয় ইউনিটের জামায়াত নেতা আব্দুর রহিমসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে আলোচনা শুরু করেন। এসময় সালিশের মধ্যেই অভিযুক্ত আশিক হট্টগোল শুরু করেন। তাকে শান্ত করতে গেলে আশিক জামায়াত নেতা আব্দুর রহিমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা আব্দুর রহিমকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত আশিক মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, 'সালিশ বৈঠকে একজনকে কুপিয়ে আহত করার একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। পাশাপাশি অভিযোগ যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।'