ঝিনাইদহ ও কোটচাঁদপুর প্রতিনিধি
কোটচাঁদপুরে বজ্রপাতে এক কৃষকের দুটি গরু মারা গেছে।
বৃহস্পতিবার ঝিনাইদহের কোটচাঁদপুর বিকেলে উপজেলার কাঁঠালিয়া গ্রামে ঝড়বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মারা যাওয়া গরু দুটি কাঁঠালিয়া গ্রামের কৃষক আলফাজ উদ্দীনের। গরু দুটির মূল্য দুই লাখ টাকারও বেশি।
কাঁঠালিয়া গ্রামের মাদ্রাসা শিক্ষক শফিকুর রহমান জানান, গ্রামের পাশের একটি মাঠে একটি বাছুরসহ তিনটি গরু বাঁধা ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রাঘাতে দুটি গরু ঘটনাস্থলেই মারা যায়। তবে, একই স্থানে বাঁধা থাকা বাছুরটি বেঁচে যায়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। কৃষক আলফাজ উদ্দীনের পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয়রা জানান, গরু দুটি ছিল পরিবারের অন্যতম সম্পদ এবং তাদের জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও তার পরিবারের প্রতি স্থানীয় বাসিন্দারা সহমর্মিতা প্রকাশ করেছেন।