মাগুরা প্রতিনিধি
দুই জেলার শ্রমিক ও মালিক সংগঠনের দ্বন্দ্বে দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর আবার চালু হলো মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল। মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এবং এবং নড়াইল জেলা বাস মালিক সমিতির যৌথ উদ্যোগে সরাসরি এ বাস চলাচল শুরু হয়েছে।
শনিবার দুপুরে মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুটটিতে সরাসরি বাস চলাচল উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসহাক মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, সিনিয়র লাইন সম্পাদক মো. মতিয়ার রহমান, লাইন সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেন। এসময় জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের চাহিদা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ রুটে বাস চলাচল অব্যাহত থাকবে।