সাতক্ষীরা প্রতিনিধি
আধুনিক সাতক্ষীরার রূপকার, দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীনের ৩১তম হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা প্রেসক্লাব এই সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনকে ১৯৯৬ সালের ১৯ জুন রাতে পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় গুলি করে হত্যা করা হয়। দীর্ঘ ৩০ বছর অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের বিচার পায়নি সাতক্ষীরাবাসী। তাকে হত্যার মধ্য দিয়েই খুলনাঞ্চলে সাংবাদিক হত্যা শুরু হয়।
বক্তারা বলেন, সাতক্ষীরার অর্থনৈতিক চালিকাশক্তি 'ভোমরা স্থলবন্দর' প্রতিষ্ঠার মূল কারিগর ছিলেন তিনি। যুবসমাজের কর্মসংস্থানের জন্য তিনি গড়ে তোলেন আলাউদ্দীন ফুডস্ অ্যান্ড কেমিক্যাল, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল অ্যান্ড কলেজ। চিকিৎসাসেবার প্রসারে জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের তত্ত্বাবধানে নিজের জমি দান করে গড়ে তোলেন নগরঘাটা শিশু হাসপাতাল। এছাড়া পরিকল্পিত চিংড়ি চাষ ও বেতনা নদী খননের আন্দোলনেও তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। গণমানুষের অবরুদ্ধ কণ্ঠস্বরকে ফুটিয়ে তুলতে ১৯৯৫ সালের ২৩ জানুয়ারি তিনি প্রতিষ্ঠা করেন সাতক্ষীরার পাঠকপ্রিয় দৈনিক পত্রদূত। সম্পাদক হিসেবে অন্যায়, দুর্নীতি ও শোষকদের বিরুদ্ধে তার কলম রাজপথের চেয়েও ধারালো হয়ে ওঠে। কিন্তু এই আপসহীন সাংবাদিকতায় তার জীবনে কাল ডেকে আনে।
বক্তারা শহীদ স. ম আলাউদ্দীনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রেসক্লাব সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক কেন্দ্রের আহসান রাজীব, ফরিদ আহমেদ ময়না, আকরামুল ইসলাম, আসাদুজ্জামান সরদার, এসএম বিপ্লব হোসেন, ইব্রাহিম খলিল, হাবিবুর রহমান সোহাগ, আব্দুল গফুর, এসএম তৌহিদুজ্জামান, হাবিবুল হাসান, আবু সাঈদ, রিজাউল করিম, মৃত্যুঞ্জয় রায়, আমিনুল হক, মেহেদী হাসান শিমুল প্রমুখ।