লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খানম জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামের ওহিদ শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা তার বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে ডুবে যায়।
ডুবে যাওয়ার বেশ কিছু সময় পর স্বজনরা ও এলাকাবাসী পুকুরের পানিতে আয়েশাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।