লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় আঁশফল (কাঠলিচু) গাছ থেকে পড়ে গিয়ে সৈয়দ কালা আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় তিনি মারা যান। এর আগে এদিন সকালে শামুকখোলা গ্রামের নিজ বাড়িতে তিনি গাছ থেকে পড়ে গিয়ে আহত হন।
সৈয়দ কালা আলী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ ইয়াদ আলীর ছেলে।
স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের বাসিন্দা কালা আলী নামে ওই বৃদ্ধ নিজেদের আঁশফল গাছে ওঠেন। পাখিতে খাওয়া থেকে আঁশফল সুরক্ষিত রাখার জন্য তিনি নেট দিয়ে তা ঢেকে দেওয়ার চেষ্টা করেন। ওই সময় অসাবধানবশত তিনি গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ নবাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃত ব্যক্তি আমার চাচা হন। তিনি শুক্রবার সকালে আঁশফল গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।’