রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ
স্টাফ রিপোর্টার
, যশোর
রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ২০২৬ এর ক্ষুদে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৪টায় আরএন রোড ক্রীড়া চক্রের মাঠে চূড়ান্ত বাছাইকৃত ১৬টি দলের খেলোয়াড়দের হাতে এই জার্সি তুলে দেওয়া হয়।
সাত থেকে ১০ বছর বয়সী শিশুদের মোবাইলফোন ও কম্পিউটারের ডিজিটাল স্ক্রিনের বন্দীদশা থেকে মুক্ত করে খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
দেশের শীর্ষ মোটরবাইক পার্টস আমদানিকারক প্রতিষ্ঠান ‘রিপন অটোস’-এর পৃষ্ঠপোষকতায় এই জুনিয়র বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে।
জার্সি বিতরণ অনুষ্ঠানে আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে কিংবা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা তারকা ও আন্তর্জাতিক দলগুলোর অফিশিয়াল জার্সি হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা।
এর আগে গত ২৬ থেকে ২৮ জুন পর্যন্ত জমজমাট সিলেকশন পর্ব শেষে চূড়ান্ত ১৬টি দল গঠন করা হয়। জার্সি বিতরণের পর, আগামী ১০ জুলাই পর্যন্ত অভিজ্ঞ কোচের অধীনে এই শিশুদের নিয়ে চলবে দশদিনের একটি বিশেষ ফ্রি ফুটবল ক্যাম্প।
আয়োজক প্রতিষ্ঠান রিপন অটোসের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দীন রিপন বলেন, ‘আমরা ১৬টি টিম নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছি। বাচ্চাদের জন্য যদি সুন্দর খেলার পরিবেশ তৈরি করে দিতে পারি, তবে তারা মাঠমুখী হবে। একটি সুস্থ ও গঠনমূলক বাংলাদেশের শুরুটা এভাবেই হতে পারে বলে আমি মনে করি।’
দশদিনের কঠোর ক্যাম্প শেষে আগামী ১১ জুলাই থেকে আরএন রোড মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ক্ষুদে মেসি-রোনালদোদের এই বিশ্বকাপ ফুটবল যুদ্ধ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফির পাশাপাশি প্রতিটি শিশুর জন্য মেডেল ও আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।