খাজুরা (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলায় চিত্রা মডেল কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শামীম আকতার। বুধবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর কবুয়াত আলী বিশ্বাস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কোহিনুর রহমান।
শামীম আকতার বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের ফজের আলী মোল্যার বড় ছেলে।
তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। পাশাপাশি আইনবিদ্যায় এলএলবি সম্পন্ন করেছেন শামীম।
তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। বর্তমানে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) শামীম। এর আগের মেয়াদে অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়ে চিত্রা মডেল কলেজের উন্নয়নে ছয় মাসে তিনি ১২ লাখ টাকা অনুদান দেন এবং প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষায় পরিবারের পক্ষ থেকে ১০১ শতক জমি দান করে এমপিও রক্ষা করেন।