খুলনা অফিস
খুলনার সরকারি ব্রজলাল (বিএল) বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পদায়ন করা হয়েছে।
ডিসেম্বরকে সামনে রেখে ক্যাম্পাসে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম।
ওএসডি হওয়া দুই শিক্ষক হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম (পরিচিতি নম্বর ১২৯৮২) ও সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ (পরিচিতি নম্বর ১৬০৩৫)। তাদের মধ্যে ড. শামীমের বাড়ি গোপালগঞ্জে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, দু’জনই মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন।
ক্যাম্পাস ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই দুই শিক্ষক ক্যাম্পাসে নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠায় গোপনে তৎপর ছিলেন।
আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে বিএল কলেজ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে দুই শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।
প্রজ্ঞাপনে তাদের পূর্বের কর্মস্থল ‘ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা (ইনসিটু: সরকারি ব্রজলাল কলেজ, খুলনা)’ উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে ২৩ নভেম্বরের (সোমবার) মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ওএসডি হওয়া দুই শিক্ষক দীর্ঘদিন ধরে বিএল কলেজে কর্মরত ছিলেন এবং তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তবে তিনি অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পর থেকে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয়নি।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, সোমবারই ওই দুই শিক্ষককে কলেজ থেকে অবমুক্ত করা হয়েছে।