জামায়াত এমপি গোলাম রসুল
সুবর্ণভূমি ডেস্ক
দেশের প্রতিটি জেলায় একটি করে আলিয়া মাদরাসা সরকারিকরণের দাবি জানানো হয়েছে জাতীয় সংসদে। বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুল এ দাবি জানান।
তিনি বলেন, সারা দেশে বর্তমানে মাত্র তিনটি সরকারি আলিয়া মাদরাসা রয়েছে। অথচ এ মুহূর্তে বাংলাদেশে সরকারি কলেজের সংখ্যা ৭০৮, সরকারি স্কুল অ্যান্ড কলেজের সংখ্যা ৬৩ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৬২৮। অথচ সরকারি মাদরাসা রয়েছে শুধুমাত্র ঢাকা আলিয়া, সিলেট ও বগুড়ায়।
গোলাম রছুল আরও বলেন, দেশে বর্তমানে মাদরাসার সংখ্যা প্রায় নয় হাজার ৩০০। কামিল, ফাজিল ও আলিম পর্যায়ে প্রায় ২৮ লাখ শিক্ষার্থী আলিয়া মাদরাসায় অধ্যয়ন করছেন। আলিয়া মাদরাসাগুলোতে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান। অনেক ক্ষেত্রে ছাত্রীর সংখ্যা বেশি।
তিনি বলেন, আধুনিক শিক্ষার ক্ষেত্রে আলিয়া মাদরাসা পিছিয়ে নেই। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রেও আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। দেশের শিক্ষাক্ষেত্রে আলিয়া মাদরাসার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান সংসদের অনেক সদস্য আলিয়া মাদরাসায় পড়াশোনা করেছেন। তিনি নিজেও আলিয়া মাদরাসার শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গোলাম রছুল বলেন, দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে আলিয়া মাদরাসা সরকারিকরণ করা হলে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা ও সুযোগ-সুবিধা পাবে।