পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নির্বাচিত মোট ২৫ জন শিক্ষার্থীর মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এর ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত যেমন সহজ হবে, তেমনি ঝরে পড়া রোধেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ এবং উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।