স্টাফ রিপোটার্র
, যশোর
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক (১৪-২১ বছর) জুডো প্রতিযোগিতা-২০২৬ এর কৃতিত্বের স্বাক্ষর রেখেছে যশোর জেলা।
রাজধানীর পল্টনস্থ হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া শিকদার ইলা রৌপ্য পদক এবং ফারিয়া আক্তার রিনা তাম্র পদক অর্জন করেছেন।
রোববার দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মো. আমিনুল হক।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন মো. মাহবুব-উল-আলম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর আশরাফ আলী।
বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই আসরে বাংলাদেশ পুলিশ, বিকেএসপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৫টি দলের ১১৪ জন খেলোয়াড় অংশ নেন।
যশোর দলের টিম ম্যানেজার রাইয়ান রশিদ আবিরের নেতৃত্বে ইলা ও রিনা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে এই গৌরব বয়ে আনেন।
দলের সংশ্লিষ্ট কর্মকর্তা সৈয়দ আলী আনোয়ার এই সাফল্যকে পুরো যশোরবাসীর গর্ব হিসেবে অভিহিত করে বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও খেলোয়াড়দের এমন অর্জন অত্যন্ত প্রশংসনীয়, যা মফস্বলের প্রতিভাদের জাতীয় পর্যায়ে বিকশিত হওয়ার প্রমাণ দেয়।