সাতক্ষীরা প্রতিনিধি
আগামী ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত আম ভাঙার তারিখ নির্ধারণ করে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা আখতার এ ঘোষণা দেন।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, আম চাষি সমিতির নেতা লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম ভাঙা হবে। এরপর ১৫ মে হিমসাগর ও খিরসা, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আমরূপালি ভাঙার ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, চাষিদের দাবি অনুযায়ী ল্যাংড়া ও আমরূপালি ভাঙার সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। তবে, এই সময়ের মধ্যে আমের পরিপক্কতা আসবে।অপরিপক্ক আম ভাঙা ও বাজারজাতকরণের বিষয়ে প্রশাসনিক নজরদারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।