স্টাফ রিপোর্টার
, যশোর
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলদে পাখিদের মর্যাদাপূর্ণ 'নীল কমল অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে।
এতে যশোর অঞ্চলের পাঁচজন কৃতী শিক্ষার্থী এই জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। এর মধ্যে রয়েছেন দৈনিক স্পন্দন এর নিজস্ব প্রতিবেদক ও সাংবাদিক মারুফ কবীরের কন্যা এবং যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইশাল কবীর অরণী।
বুধবার সকালে রাজধানীর বেইলি রোডে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পদক তুলে দেওয়া হয়।
এ বছর যশোর থেকে অরণী ছাড়াও এই গৌরবময় অ্যাওয়ার্ড পেয়েছে একই প্রতিষ্ঠানের ফাতেমা তুজ জান্নাত ও নওশীন তাবাসসুম সারা, মধুসূদন তারা প্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের তোফাই জান্নাত তিফলা এবং এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিন রহমান ইশারা।
গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।
তিনি দেশের দশটি অঞ্চলের পদকপ্রাপ্ত মোট ৫৭ জন শ্রেষ্ঠ হলদে পাখির হাতে এই সম্মানজনক ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
উল্লেখ্য, হলদে পাখি কার্যক্রমে দেশজুড়ে অসাধারণ কৃতিত্ব, নেতৃত্বগুণ ও সমাজসেবামূলক অবদানের জন্য প্রতি বছর কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই সর্বোচ্চ জাতীয় সম্মাননা প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।