যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিডর দিবসে সাতক্ষীরায় জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে প্রতীকী স্ট্রাইক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৩:৫৭ পিএম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৫:৪৫ পিএম
সিডর দিবসে সাতক্ষীরায় জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে প্রতীকী স্ট্রাইক

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরার আহ্বানে সাতক্ষীরায় ব্যতিক্রমী ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণসায়ের খালপাড়ে এ কর্মসূচি শুরু হয়। ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে শতাধিক ভুক্তভোগী ও জলবায়ুকর্মী তরুণ-তরুণী প্রতীকী ‘মৃতদেহ’ সেজে কাফনের কাপড় পরে রাজপথে অভিনব প্রতিবাদ জানান।

কর্মসূচির শুরুতে তরুণেরা জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণসায়ের খালপাড়ে এসে সমাবেশ ও প্রতীকী স্ট্রাইকে মিলিত হয়। কাফনের কাপড় পরা তরুণেরা জলবায়ু বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরে বলেন, বৈশ্বিক উষ্ণায়নের দায় উন্নত বিশ্বকে নিতে হবে এবং উপকূলের মানুষের অপূরণীয় ক্ষতি পূরণ করতে হবে।

সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জলবায়ুকর্মী লুইস রানা গাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন, স্টার নিউজের গাজী ফরহাদ, শেখ মুশফিকুর রহমান মিল্টন, প্রধান শিক্ষক পল্লব মজুমদার, মাহফুজা লিপি, হাবিবুর রহমান সোহাগ, হৃদয় মণ্ডল, জাহিদা জাহান মৌ, আশিক সবুজ, প্রতাপ সিং, তরিকুল ইসলাম অন্তর ও মিতু মণ্ডল।

এ ছাড়া বক্তব্য দেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা মাসুমা খাতুন ও আফজাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাফের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন।

বক্তারা বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত ও শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও এর ভয়াবহ মাশুল দিচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও তীব্র লবণাক্ততার কারণে উপকূলবাসীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বাস্তুভিটা চরমভাবে বিপন্ন। চলমান কপ সম্মেলনে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ ও পর্যাপ্ত জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করে প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন বলেন, শুধু প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন, অবিলম্বে জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন করুন। উপকূলের মানুষের প্রাত্যহিক সংগ্রামের কথা তুলে ধরে বক্তারা বলেন, আমরা ত্রাণ কিংবা ভিক্ষা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। লবণাক্ত পানি নয়, আমাদের সুপেয় পানি চাই। কৃষিজমি বাঁচিয়ে উপকূলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘পরিবেশ বাঁচলে বাঁচবে দেশ, তাই জলবায়ুর অন্যায়ের হোক শেষ’, ‘জলবায়ু অর্থায়ন বাড়াও, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বাঁচাও’, ‘উপকূলের মানুষের কষ্ট দেখুন, উপকূলের বাস্তবতা বুঝুন’, ‘ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ বাংলাদেশের প্রাণের দাবি’, ‘ক্ষতিপূরণ নয়, পানির ন্যায্যতা চাই’ এবং ‘উপকূল বাঁচাও, মানুষের জীবন রক্ষা করো’ স্লোগানে রাজপথ মুখরিত করেন।

সমাবেশে জলবায়ুকর্মী লুইস রানা গাইন বলেন, আজ ১৫ নভেম্বর ‘সিডর দিবস’। গভীর শোক ও বেদনার সঙ্গে আজকের দিনটিকে স্মরণ করি। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর দক্ষিণ উপকূলের ওপর দিয়ে বয়ে গিয়ে সরকারি হিসাব অনুযায়ী ৩ হাজার ৪৯৫ জনের প্রাণ কেড়ে নিয়েছিল (বেসরকারি হিসাবে সংখ্যা আরও বেশি) এবং লক্ষাধিক মানুষকে আহত ও সর্বস্বান্ত করেছিল।

সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন বলেন, সিডরের মতো দুর্যোগের ক্ষত আজও উপকূলবাসীর বুক থেকে শুকায়নি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সিডর বা আইলার মতো ঝড়ের পুনরাবৃত্তি বাড়ছে। সিডর দিবসে উপকূলের তরুণ সমাজ বিশ্ববাসীর কাছে বার্তা দিয়েছে, আর কত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ দেখলে বিশ্বনেতাদের টনক নড়বে? অবিলম্বে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমিয়ে এবং ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর জন্য স্থায়ী নিরাপত্তা, টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

জলবায়ু বিপর্যয় রুখে একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার মাধ্যমেই কেবল সিডরে হারানো স্বজনদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)