যশোর, বাংলাদেশ || রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খোলপেটুয়া নদীর পাড়ে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ

এম জুবায়ের মাহমুদ

, শ্যামনগর (সাতক্ষীরা)

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৮:৩০ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৯:১৭ পিএম
খোলপেটুয়া নদীর পাড়ে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারের পূর্ব প্রান্তে খোলপেটুয়া নদীর পাড়ে সরকারি জমিতে বড় আকারের স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

গরু জবাইয়ের জন্য ‘গোখানা’ নির্মাণের কথা বলা হলেও প্রয়োজনের তুলনায় কয়েক গুণ বেশি জায়গাজুড়ে স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে নির্মাণকাজের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলেও জেলা প্রশাসকের অনুমতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট মাংস ব্যবসায়ী আনারুজ্জামান খোকন।

তবে তার এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শনিবার (১৪ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, খোলপেটুয়া নদীসংলগ্ন ওই সরকারি জমিতে স্থাপনা নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে ইটের গাঁথুনি ও কংক্রিটের কলাম নির্মাণ করা হয়েছে।

ছাদ নির্মাণের প্রস্তুতিও চলছে। সেখানে কয়েকজন শ্রমিককে কাজ করতে দেখা যায়।

স্থাপনাটির আকার ও নির্মাণের ধরন দেখে এটি শুধু গরু জবাইয়ের কাজে ব্যবহৃত হবে, নাকি অন্য কোনো ব্যবসায়িক উদ্দেশ্যও রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের কেউ কেউ।

নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক শাহাজান কবির বলেন, মাংস ব্যবসায়ী আনারুজ্জামান খোকন তাদের দিয়ে কাজ করাচ্ছেন। খোকনের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন। এর বাইরে স্থাপনা নির্মাণের বিষয়ে আর কিছু জানেন না বলে জানান তিনি।

স্থাপনা নির্মাণের বিষয়ে জানতে চাইলে আনারুজ্জামান খোকন বলেন, সেখানে গরু জবাইয়ের জন্য ‘গোখানা’ তৈরি করা হচ্ছে। এ কাজের জন্য জেলা প্রশাসকের অনুমতি নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এ দাবির পক্ষে কোনো লিখিত অনুমতিপত্র দেখাতে পারেননি।

খোকনের ভাষ্য, চেয়ারম্যান তাদের বরাদ্দ দেবেন। আপাতত নিজেদের খরচেই নির্মাণকাজ চালানো হচ্ছে।

গরু জবাইয়ের জন্য এত বড় স্থাপনা নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেখানে শুধু গরু জবাই নয়, গরু রাখার ব্যবস্থাও থাকবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, গোখানা নির্মাণের জন্য যতটুকু জায়গা প্রয়োজন, তার তুলনায় প্রায় ছয় গুণ বেশি জায়গাজুড়ে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

গরু জবাই ও রাখার ব্যবস্থা করার কথা বলে এত বড় স্থাপনা নির্মাণের উদ্দেশ্য কী, সে প্রশ্নও তুলেছেন তারা।

সরকারি জমিতে ব্যক্তিগত ব্যবসার প্রয়োজনে এভাবে স্থাপনা নির্মাণের অনুমোদন রয়েছে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা।

তাদের অভিযোগ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের নাম ব্যবহার করে নিজেদের ব্যবসায়িক স্বার্থ হাসিলের চেষ্টা চলছে।

এ বিষয়ে আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, ‘আমি আগে সেখানে গরু জবাইয়ের উপযোগী একটি গোখানা তৈরি করে দিয়েছিলাম।

পরে সেখানে কী হচ্ছে, তা আমি জানি না। বরাদ্দ দেওয়ার তো প্রশ্নই আসে না। আমার নাম কেন বলা হচ্ছে, তাও জানি না।’

এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বলেন, ‘আমি যোগদান করেছি মাত্র কয়েক দিন হয়েছে। এ বিষয়ে কিছু জানি না। আপনার মাধ্যমে বিষয়টি শুনলাম। আমি দেখছি।’

নওয়াবেঁকী বাজারের পূর্ব প্রান্তে খোলপেটুয়া নদীর পাড়ে সরকারি জমিতে নির্মাণাধীন স্থাপনাটি নিয়ে জেলা প্রশাসকের লিখিত অনুমতি রয়েছে কি না, চেয়ারম্যানের বরাদ্দ দেওয়ার দাবি কতটা সত্য এবং গোখানা নির্মাণের নামে অতিরিক্ত জমি ব্যবহারের অভিযোগের সত্যতা কী-এসব বিষয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তারা সংশ্লিষ্ট প্রশাসনের সরেজমিন পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)