খুলনা অফিস
খুলনায় রাইখান ওরফে রায়হান (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় নগরীর মোস্তফার মোড়ের খইয়াতলা-মাক্ষিনগর এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি নগরীর বৈকালী এলাকায় বসবাস করতেন।
জানায়, স্থানীয়রা শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর মোস্তফার মোড়ের খইয়াতলা-মাক্ষিনগর এলাকায় রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান জানান, নিহত যুবকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তবে তিনি নগরীর বৈকালী এলাকায় বসবাস করতেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে রায়হান আত্মহত্যা করতে পারেন। সন্ধ্যা ৭টার দিকে নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, খবর পেয়ে সিআইডির বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।