প্রেস বিজ্ঞপ্তি
পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা ব্যক্তিদের (সারভাইভার) সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বেসরকারি খাতের সঙ্গে কার্যকর বাজার সংযোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এ লক্ষ্যে যশোরে বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে রাইটস যশোর।
সংস্থার নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের যশোর শাখার ডেপুটি ম্যানেজার এস এম সাদ উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাইটস যশোরের ডিরেক্টর প্রোগ্রাম প্রদীপ দত্ত, ডিরেক্টর ট্রেনিং এস এম আজহারুল ইসলাম, অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনুপমা মিত্র, ভোজন বাড়ির স্বত্বাধিকারী রুপালি খাতুন, স্বপ্ন বুনন হস্তশিল্পের প্রতিনিধি সোনিয়া পারভীন, মণিরামপুরের অপরূপা হস্তশিল্পের প্রতিনিধি রিতা দত্ত এবং যশোর নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মের প্রতিনিধি জেসমিন আক্তার।
সভায় বক্তারা বলেন, মানব পাচার থেকে ফিরে আসা ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাদের সহযোগিতায় সারভাইভারদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি সম্ভব।
তারা আরও বলেন, সারভাইভারদের তৈরি পণ্যের গুণগত মান ও উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিয়ে সেগুলো বাজারজাতকরণের উদ্যোগ নিতে হবে।
উপযুক্ত বাজারের সঙ্গে সংযোগ তৈরি করা গেলে তাদের জন্য টেকসই আয়ের সুযোগ সৃষ্টি হবে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু মানব পাচার থেকে ফিরে আসা ব্যক্তিদের পুনর্বাসনেই নয়, দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও সহায়ক হতে পারে।
সভায় উপস্থিত বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সারভাইভারদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, বাজার সংযোগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের টেকনিক্যাল এক্সপার্ট (সেলফ এমপ্লয়মেন্ট) বিপ্লব কুমার রাহা এবং সাইকোসোশ্যাল কাউন্সেলর তন্দ্রা দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের কেস ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) ফাতিমা আফরোজ রুমকি।