যশোর, বাংলাদেশ || রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিক্ষোভ চলতে থাকলে কারখানা বন্ধ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১২:০১ এ এম
বিক্ষোভ চলতে থাকলে কারখানা বন্ধ

শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ ঘিরে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে গুরুত্বপূর্ণ এই খাতে এক ধরনের অচলবস্থা তৈরি হয়েছে।

সাভার, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অনেক শ্রমিক।

এদিকে, শ্রমিকদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকলে আজ রোববার থেকে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে, চলমান শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলার শঙ্কায় ১৪৭টি কারখানা তাদের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রেখেছে।
বিজিএমইএ সভাপতি জানান, পরিস্থিতি বিবেচনায় উৎপাদন উপযোগী পরিবেশ না থাকলে যেসব এলাকায় বিক্ষোভ চলমান থাকবে সেসব এলাকায় কারখানা বন্ধ রাখা হবে।

এছাড়া, বিশৃঙ্খল পরিস্থিতি অব্যাহত রেখে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মজুরি বৃদ্ধির দাবিতে অক্টোবরের মাঝামাঝি আন্দোলনে নামেন তৈরি পোশাক শ্রমিকরা। প্রথমে ঢাকার উত্তরা, মিরপুর এবং চট্টগ্রামের বায়েজিদ এলকার কয়েকটি কারখানায় বিক্ষিপ্তভাবে শ্রমিকরা কাজ বন্ধ করে দাবি জানাতে শুরু করেন।

শ্রমিক অসন্তোষ এবং কারখানা চালু রাখা না রাখার বিষয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে সরকার।

শ্রমিকদের দাবির মুখে নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন করা হলেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।

শ্রমিকদের বিক্ষোভ চলছে

সাভারের আশুলিয়া এবং গাজীপুরের কালিয়াকৈরে শনিবারও আন্দোলন কর্মসূচি পালন করেছেন শ্রমিকদের একটি অংশ।

দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এসময় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। প্রায় চার ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে শনিবার সকালে আশুলিয়ার দুটি কারখানার শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

পরে কারখানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের চেষ্টা করে শ্রমিকরা। পরবর্তীতে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।

এদিন সকাল থেকেই সাভার এবা গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন ছিল বলে জানান স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা।

তারা বলছেন, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের কারণে ওই এলাকায় পুলিশ ও বিজিবি সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে।

মালিকরা যা বলছেন

চলমান শ্রমিক আন্দোলনের কারণে তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সাভার, আশুলিয়াসহ গাজীপুরের শিল্পাঞ্চলে অনেক কারখানা বন্ধ রাখা হয়েছে।

এমন প্রেক্ষাপটে পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আজ রোববার থেকে কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার বিকেলে বিজিএমইএ ও বিকেএমইএ আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে সকালে সংগঠন দুটির যৌথ মতবিনিময় সভায় অংশ নেন এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান জানান, চলমান শ্রমিক আন্দোলনের কারণে এখন পর্যন্ত ১৪৭টি কারখানা তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ রেখেছে।

তাদের দাবি, বেশির ভাগ শ্রমিক কাজে যোগ দিতে চাইলেও কিছু বিপথগামী শ্রমিক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সিংহভাগ শ্রমিক মালিক ভাই-বোন কাজে যোগ দিতে আন্তরিক। তবে দুঃখজনক হলেও সত্য কারখানার অভ্যন্তরে কিছু সংখ্যক বিপদগামী শ্রমিক বাইরের মহলের উসকানি ও প্ররোচনায় নিয়মিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।’

শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও জানান তারা।

এমন পরিস্থিতি চলমান থাকলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার ঘোষণা দেন মালিকেরা।

আইন অনুযায়ী, বেআইনি ধর্মঘটের কারণে মালিক আংশিক বা পুরোপুরি কারখানা বন্ধ রাখতে পারেন। এই ধারায় কারখানা বন্ধ থাকলে মজুরি পান না কারখানার শ্রমিকেরা।

পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রপ্তানি আয়ের প্রধান খাতটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে বলে দাবি করেন বিজিএমইএ সভাপতি।

আগামী সোমবার মজুরি বোর্ডের কাছে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলেও জানান মাহমুদ খান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)