সুবর্ণভূমি ডেস্ক
নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে অনুভূত এ ভূমিকম্পে বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, সকাল ৭টা ২ মিনিটে প্রথম দফায় ভূকম্পন অনুভূত হয়। এর প্রায় দুই মিনিট পর সকাল ৭টা ৪ মিনিটে আবারও কম্পন অনুভূত হয়। পরপর দুই দফা কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, সকাল ৭টা ২ মিনিট ৪৭ সেকেন্ডে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ২০ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মাঙ্গান শহরের ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার প্রায় ৯ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি। সংস্থাভেদে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ থেকে ৫ দশমিক ৪ উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর বিহারের কয়েকটি জেলা এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।
এখন পর্যন্ত বাংলাদেশ বা অন্য কোনো দেশে ভূমিকম্পে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।