মাগুরা প্রতিনিধি
কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ও যথাসময়ে সার পৌঁছে দেওয়া এবং সার বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাগুরায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অনিয়ম ও দুর্নীতি হলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ।
মঙ্গলবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক মো. জসীম উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ জেলার সরকার অনুমোদিত সার ডিলাররা। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রুমানা রহমান।
সভায় জানানো হয়, মাগুরা জেলায় বর্তমানে বিসিআইসির ৩৮ জন, বিএডিসির ৭৩ জন এবং নতুন নিয়োগপ্রাপ্ত ৩৬ জনসহ মোট ১৪৭ জন সার ডিলার রয়েছেন।
মতবিনিময় সভায় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নতুন এ নীতিমালায় সময়োপযোগী, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক সার বিতরণব্যবস্থা চালু, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক সার ডিলার ইউনিট নির্ধারণ এবং সব সার ডিলারকে কৃষি মন্ত্রণালয়ের ডিলার হিসেবে বিবেচনার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
সভায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সার মজুত, সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তারা।