যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আকভানে হাজার হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ১১:২৩ পিএম
আকভানে হাজার হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় আকভানের কারণে দুইদিনের বৃষ্টিতে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ধান, সবজিসহ নানা ফসল পানিতে ডুবে গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট: 

সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান সরদার জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে জেলার পাঁচ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ও সরিষার জমি বেশি। কোথাও পাকা ধান কাটা ব্যাহত হচ্ছে, কোথাও কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শীতকালীন সবজির ক্ষেতেও পানি জমেছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বৃহস্পতিবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত জেলায় মোট ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রোববার থেকে বৃষ্টির প্রবণতা কমে আবহাওয়া স্বাভাবিক হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, বৃষ্টিতে জেলার পাঁচ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই হাজার ২৭১ হেক্টর জমির আমন ধান, দুই হাজার ৭২৯ হেক্টর জমির সরিষা এবং ৫২১ হেক্টর জমির শাকসবজি রয়েছে। এছাড়া ১৫ হেক্টর জমির আলু, সাত হেক্টর জমির খেসারি, চার হেক্টর জমির মরিচ, ১৬ হেক্টর জমির পেঁয়াজ ও চার হেক্টর জমির রসুন আক্রান্ত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইকবাল আহমেদ বলেন, বৃষ্টির পরের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আক্রান্ত জমির প্রাথমিক হিসাব করা হয়েছে। তবে, ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ও ফসলের আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণে আরও সময় লাগবে।

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ধান ও সবজির ক্ষেতে পানি জমে আছে। অনেক কৃষক ধান কেটে মাঠে রেখেছেন। কিন্তু বৃষ্টির কারণে তা শুকাতে পারছেন না। এতে কেটে রাখা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। আবার অনেক জমিতে এখনো পাকা ধান রয়েছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনের খেতেও পানি জমেছে।

তালা উপজেলার কৃষক ফক্কার আলী দুই বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেন। বাঁধাকপি বিক্রির উপযোগী। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি।

ইসলামকাঠি গ্রামের কৃষক আহমাদ আলী বলেন, ধান কেটে মাঠে রাখা আছে। টানা বৃষ্টিতে ধান ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বৃষ্টি না কমলে সব ধান ঘরে তোলা সম্ভব হচ্ছে না।

মহন্দী গ্রামের ফুলকপিচাষি আকছেদ হোসেন বলেন, ফুলকপির ক্ষেতে জমিতে পানি জমে গেছে। গাছের গোড়া পচে যায় কি না ভয়ে আছি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার জানান, মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আশাশুনির নওয়াপাড়া গ্রামের কৃষক জালাল উদ্দীন বলেন, বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। কোথাও কোথাও ধানের শিষ পানিতে ডুবে রয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর অন্তত দুইদিন পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে। দেরিতে রোপণ করা আমন ধান এখনো অনেক জমিতে রয়েছে। এ ছাড়া ১৫ থেকে ২০ দিন আগে বোনা সরিষার জমিতে ৩৬ ঘণ্টা বা তার বেশি সময় পানি জমে থাকলে চারার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

লোহাগড়া (নড়াইল) থেকে রূপক মুখার্জি জানিয়েছেন, টানা দুই দিনের বৃষ্টিতে সেই স্বপ্নে দেখা দিয়েছে দুশ্চিন্তার ছায়া। পাকা ধান ভিজে যাওয়া, জমিতে পানি জমা এবং কাটা ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন লোহাগড়া উপজেলার কৃষকরা।

এতে আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টিতে ভিজে আছে পাকা ও কাটা ধান। কোথাও জমিতে দাঁড়িয়ে থাকা ধান নুয়ে পড়েছে, আবার কোথাও কাটা ধান পড়ে রয়েছে জমিতেই।

বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজ। দ্রুত ফসল কাটতে না পারলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলার বাঁকা গ্রামের কৃষক মিরাজ মোল্লা, আক্তার মোল্লা, ফিরোজ মোল্লা, শরিফুল মোল্লা ও হাসান শেখসহ একাধিক কৃষক বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কায় রয়েছেন।
কৃষকদের আশঙ্কা, জমিতে বৃষ্টির পানি জমে থাকলে ধান কাটার কাজ আরও বিলম্বিত হবে। অন্যদিকে কাটা ধান ভেজা থাকায় তা শুকানো ও মাড়াই করতে বাড়তি সময় লাগবে।

এতে ধানের গুণগত মান কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লোহাগড়া উপজেলায় ১০০ হেক্টর জমিতে ধান, ৪০ হেক্টর জমিতে সরিষা, ২০ হেক্টর জমিতে খেসারি এবং ১০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে।

টানা দুই দিনের বৃষ্টিতে এসব ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)