ঝিনাইদহ প্রতিনিধি
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহে কৃষকের কেটে রাখা আমন ধান পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি বাতাস ও বৃষ্টিতে অনেক খেতের আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। এতে বাড়তি শ্রমিক খরচ ও ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকেরা।
শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে সদর উপজেলার ভবানীপুর, কুমড়াবাড়িয়া, রামনগর, গান্না ও মহারাজপুর এলাকার ফসলের মাঠে পানি জমে থাকতে দেখা গেছে। অনেক কৃষক ক্ষতি কমাতে পানির ওপর ভেসে থাকা ধানের শীষ কেটে নিচ্ছেন। জেলার কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার ফসলের মাঠের চিত্রও একই রকম।
সদর উপজেলার রামনগর গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টিতে নিচু জমিতে হাঁটুপানি জমে গেছে। কেটে রাখা ধান পানির নিচে তলিয়ে আছে। ভেজা ও নষ্ট ধানের দাম বাজারে অনেক কম পাওয়া যাবে।’

ভবানীপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, বৃষ্টিতে ধানের পাশাপাশি পালংশাক, ধনেপাতাসহ শীতকালীন সবজির খেত নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে।
জমিতে পানি জমে থাকায় ধান কাটতে অন্তত দুই সপ্তাহ দেরি হবে। ফলে শর্ষে, ছোলা, মসুর ও গমের বীজ বপনের সময়ও পিছিয়ে যাবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঝিনাইদহে এক লাখ চার হাজার ৫০৬ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। এ ছাড়া জেলায় পাঁচ হাজার ৩৮০ হেক্টর জমিতে গম এবং ১৩ হাজার ৫২৬ হেক্টর জমিতে শর্ষে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ায় আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে। রবিশস্যের বীজ বপনও কিছুটা পিছিয়ে যেতে পারে। মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মীরা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছেন। প্রকৃত ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।