রুহুল আমিন
, যবিপ্রবি
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও চলচ্চিত্র নির্মাণের দক্ষতা বিকাশের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে অডিওভিজ্যুয়াল সৃজনশীলতা ও চলচ্চিত্র পর্যালোচনা প্রতিযোগিতা ‘ফ্রেমভার্স ২০২৬’।
রোববার (২২ নভেম্বর) প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।
একই অনুষ্ঠানে প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ও লেখক হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘আমার আছে জল’।
যবিপ্রবি ফিল্ম সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসির নিচতলার লবি এলাকায় বিকেল সাড়ে ৫টায় এ অনুষ্ঠান শুরু হবে। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সুবর্ণভূমি।
প্রতিযোগিতাটি ‘ফ্রেম ইট’ ও ‘রিভিউ ইট’- দুটি বিভাগে আয়োজন করা হয়েছে।
‘ফ্রেম ইট’ বিভাগে ৩০ সেকেন্ড থেকে দুই মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য ভিডিও নির্মাণের সুযোগ রাখা হয়।
অন্যদিকে, ‘রিভিউ ইট’ বিভাগে ৫০০ থেকে ৮০০ শব্দের মধ্যে চলচ্চিত্র পর্যালোচনা জমা নেওয়া হয়েছে। এ বিভাগে বাংলা ও ইংরেজি- উভয় ভাষায় লেখা গ্রহণ করা হয়েছে।
দীর্ঘ সময় ধরে প্রতিযোগীদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র ও প্রতিযোগিতার উপকরণ সংগ্রহের পর এবার ফলাফল ঘোষণার আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে দুই বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পাশাপাশি নির্বাচিত অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হবে।
প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে এক হাজার, ৫০০ ও ৩০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
সে হিসাবে দুই বিভাগে মোট ছয়জন ব্যক্তি বা দল বিজয়ী হবেন।
এ ছাড়া বিজয়ীদের অন্তর্ভুক্ত করে মোট ১৫ জন অংশগ্রহণকারীকে সনদপত্র দেওয়া হবে।
আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘আমার আছে জল’।
আয়োজক সংগঠন যবিপ্রবি ফিল্ম সোসাইটি জানায়, ক্যাম্পাসে চলচ্চিত্রচর্চার পরিবেশ তৈরি, শিক্ষার্থীদের সৃজনশীল অভিব্যক্তির বিকাশ, চলচ্চিত্র নির্মাণ ও বিশ্লেষণে আগ্রহ সৃষ্টি এবং ইতিবাচক চলচ্চিত্র সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।