যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় ভাঙচুর আগুন, হিন্দু নির্যাতনের এআই অপপ্রচার

বেন্দারচর এলাকায় হিন্দু বসতি নেই: পুলিশ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ১২:০১ এ এম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ১২:৫২ এ এম
বেন্দারচর এলাকায় হিন্দু বসতি নেই: পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলায় ‘হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়েছে’ বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়ানো হচ্ছে। জেলা পুলিশ জানিয়েছে, এ প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আগের ধারণ করা ও এআই দিয়ে তৈরি ভিডিও ফেসবুকে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

আমাদের নড়াইল প্রতিনিধি পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পেরেছেন, বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বেন্দারচর গ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ দলটির কয়েকজন নেতা-কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, বিএনপির নিহত দুই নেতার বিক্ষুব্ধ স্বজন ও সমর্থকেরা ওই গ্রামে গিয়ে কয়েকটি বাড়িতে হামলা-ভাঙচুর চালান। এলাকাটি হিন্দু-অধ্যুষিত নয়। বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে, ঘটনা তেমন নয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নিরাপত্তাহীনতার কারণে তাৎক্ষণিক যেতে না পারলেও রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে তারা ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান। একেকটি বাড়িতে তিন থেকে চারটি করে ঘর থাকায় ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা আরও বেশি হতে পারে।

তবে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম জানান, সাবেক এমপির বাসাসহ ১৫ থেকে ২০টি ঘর ভাঙচুর এবং পাঁচ থেকে ছয়টি ঘরে আগুন দেওয়া হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২১ নভেম্বর) সকালে বেন্দারচর গ্রামে গিয়ে প্রবীণ পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষকে দেখা যায়নি। অনেক নারীকে মালামাল নিয়ে এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে।

ভ্যানে করে মালামাল নিয়ে যাওয়ার সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘তিনটা গরু ছিল, নিয়ে গেছে। ঘরে টিভি-ফ্রিজ, কম্বল, ট্রাংকের মালামাল কিচ্ছু নেই। টিউবওয়েলের মোটর পর্যন্ত ভেঙে নিয়ে গেছে।’

মুক্তা খানম নামের আরেক নারী অভিযোগ করেন, জুমার নামাজের পর প্রায় ৪০০ লোক এসে ভাঙচুর ও লুটপাট চালিয়ে গাড়িতে করে মালামাল নিয়ে গেছে।

হামলার অভিযোগ অস্বীকার করে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নন। এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির সঙ্গেই আছেন। ফেসবুকে দুই শতাধিক বাড়িতে হামলার যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

বিবিসির খবরে বলা হয়, বিএনপি দলীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলছেন, এমন কোনো ঘটনাই ঘটেনি।

‘এগুলো কিছু ঘটেনি। ওই যে এআই বলে না? ফেসবুকে যা দেখছেন সব এআই দিয়ে বানানো।’

তবে কালিয়া থানা পুলিশ জানিয়েছে, বিএনপির দুজন নেতাকে হত্যার ঘটনায় তাদের স্বজনরা বিক্ষুব্ধ জনতা ৪/৫টি বাড়িতে আগুন দিয়েছে আর ১৫/১৬টি বাড়ি ভাঙচুর করেছে।

‘এর বাইরে আর যা শুনছেন সবই অতিরঞ্জিত ও অসত্য,’ বলেছেন কালিয়া থানার পরিদর্শক প্রদীপ মালাকার।

এদিকে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে মর্মে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

নড়াইল-১ সংসদীয় আসনটি গঠিত হয়েছে কালিয়া উপজেলা ও নড়াইল সদরের আংশিক এলাকা নিয়ে। ওই এলাকার কালিয়া পৌরসভার মধ্যে সাত নম্বর ওয়ার্ডের একটি এলাকা হলো বেন্দারচর। সেখানেই ওই এলাকার আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি কবিরুল হক মুক্তিসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়ি।

মুক্তি এখন জেলে। তার দলের অন্য নেতাদের কেউ কেউ জেলে আর কেউ কেউ আত্মগোপনে আছেন ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই।

কালিয়া থানার পরিদর্শক প্রদীপ মালাকার বলেছেন, ‘ওই সময়েই যেসব বাড়িতে জনতা হামলা করেছিল সেগুলোর কয়েকটিতেই আবার শুক্রবার হামলার ঘটনা ঘটেছে। বিএনপির দুজন নেতাকে হত্যার ঘটনার বিক্ষুব্ধ জনতা এসব করেছে। তবে পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে এনেছে।’

পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে শনিবার বলা হয়েছে, সম্প্রতি দুই বিএনপি নেতা হত্যাকাণ্ডের জের ধরে ২০ নভেম্বর (শুক্রবার) বিকেল পৌনে পাঁচটার দিকে ভিকটিমদ্বয়ের বিক্ষুব্ধ আত্মীয় স্বজন উত্তেজিত অন্য লোকদের সাথে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়।

সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ সমথর্ক বিভিন্ন পেজে দাবি করা হচ্ছে যে, হিন্দু অধ্যুষিত বাড়িঘরে হামলা করা হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ও পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেনি।

শনিবার দুপুরে কালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু দাবি করেন, ‘আমরা বিভিন্ন ফেসবুক পেজে দেখছি, দুই শতাধিক হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনাগুলো ফেসবুকে ছড়ানো হচ্ছে।’

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের একটি বিবৃতিতে বলা হয়েছে, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। পাশাপাশি উক্ত ঘটনায় কোনো হিন্দু সদস্যের কোনো পরিবারের ওপর হামলা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।

শুক্রবার রাত থেকে বেন্দারচরে বাড়িঘরে হামলা ও আগুনের ভিডিও ফেসবুকে আসতে থাকে। তাদের কেউ কেউ দাবি করছেন যে, এটা তার নিজের বাড়ির ভিডিও। এর অনেকগুলো ভিডিওতে পাকা ও আধাপাকা বাড়িঘরে আগুন জ্বলতে দেখা যায়।

যদিও এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)