যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় হিন্দু বসতিতে হামলার গুজব, ছড়ানো হচ্ছে এআই ভিডিও

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৪:৫৪ পিএম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৭:২৯ পিএম
কালিয়ায় হিন্দু বসতিতে হামলার গুজব, ছড়ানো হচ্ছে এআই ভিডিও

নড়াইলের কালিয়া উপজেলায় ‘হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়েছে’ বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়ানো হচ্ছে। জেলা পুলিশ জানিয়েছে, এ প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আগের ধারণ করা ও এআই দিয়ে তৈরি ভিডিও ফেসবুকে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বেন্দারচর গ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ দলটির কয়েকজন নেতা-কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, বিএনপির নিহত দুই নেতার বিক্ষুব্ধ স্বজন ও সমর্থকেরা ওই গ্রামে গিয়ে কয়েকটি বাড়িতে হামলা-ভাঙচুর চালান। এলাকাটি হিন্দু-অধ্যুষিত নয়। বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে, ঘটনা তেমন নয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নিরাপত্তাহীনতার কারণে তাৎক্ষণিক যেতে না পারলেও রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে তারা ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান। একেকটি বাড়িতে তিন থেকে চারটি করে ঘর থাকায় ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা আরও বেশি হতে পারে।

তবে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম জানান, সাবেক এমপির বাসাসহ ১৫ থেকে ২০টি ঘর ভাঙচুর এবং পাঁচ থেকে ছয়টি ঘরে আগুন দেওয়া হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২১ নভেম্বর) সকালে বেন্দারচর গ্রামে গিয়ে প্রবীণ পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষকে দেখা যায়নি। অনেক নারীকে মালামাল নিয়ে এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে।

ভ্যানে করে মালামাল নিয়ে যাওয়ার সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘তিনটা গরু ছিল, নিয়ে গেছে। ঘরে টিভি-ফ্রিজ, কম্বল, ট্রাংকের মালামাল কিচ্ছু নেই। টিউবওয়েলের মোটর পর্যন্ত ভেঙে নিয়ে গেছে।’

মুক্তা খানম নামের আরেক নারী অভিযোগ করেন, জুমার নামাজের পর প্রায় ৪০০ লোক এসে ভাঙচুর ও লুটপাট চালিয়ে গাড়িতে করে মালামাল নিয়ে গেছে।

হামলার অভিযোগ অস্বীকার করে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নন। এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির সঙ্গেই আছেন। ফেসবুকে দুই শতাধিক বাড়িতে হামলার যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

উল্লেখ্য, এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় দুজন নিহত হন। তারা হলেন উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)