সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কদমতলা বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস মোড়ল নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের নজরুল ইসলাম মোড়লের ছেলে।
স্থানীয় বাসিন্দা শিউলি আক্তার জানান, শনিবার বেলা ১১টার দিকে বৃষ্টির মধ্যে কুদ্দুস নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে ঘেরের বেড়িবাঁধে টাঙানো বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে পাশে থাকা তার ভাগনে আল আমিন বাড়িতে খবর দেন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কুদ্দুসের মরদেহ বাড়িতে রাখা হয়েছে। তার বড় ভাই ইদ্রিস আলী মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন। তিনি বাড়িতে পৌঁছানোর পর রোববার সকাল ১০টায় স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।