যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে সশস্ত্র বাহিনী দিবস পালিত

সশস্ত্র বাহিনী বহুমাত্রিক সক্ষমতার পরিচয় দিয়েছে: অমিত

বিশেষ প্রতিনিধি

, যশোর

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৬:৩৫ পিএম
সশস্ত্র বাহিনী বহুমাত্রিক সক্ষমতার পরিচয় দিয়েছে: অমিত

যথাযথ মর্যাদায় যশোরে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে যশোর সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডার এয়ার ভাইস মার্শাল এএসএম শামীমুল ইসলাম। তারা কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর সেনানীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষা করা। তবে বাংলাদশ সশস্ত্র বাহিনীর প্রচলিত প্রতিরক্ষা দায়িত্বের পাশাপাশি জাতীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, ‘দেশের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, সড়ক ও সেতু নির্মাণ, দুর্গম অঞ্চলে জনসেবামূলক কার্যক্রম এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারত্বের পরিচয় আমরা লক্ষ্য করেছি। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস কিংবা যেকোনো সংকটের মুহূর্তে তারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা এবং পুনর্বাসন কার্যক্রমে তাদের ভূমিকা দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বিশেষ করে সেই সংকটময় সময়ে ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করা ছিল বড় চ্যালেঞ্জ।

‘একইভাবে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনীর এই দায়িত্বশীল ভূমিকা তাদের বহুমাত্রিক সক্ষমতা ও দেশপ্রেমেরই প্রতিফলন,’ বলেন প্রতিমন্ত্রী।

শান্তি রক্ষায় জাতিসংঘ মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে তিনি মত প্রকাশ করেন।

‘আমি বিশ্বাস করি, একটি শক্তিশালী, আধুনিক ও পেশাদার সশস্ত্র বাহিনী কেবল জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা নয়, বরং একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের অগ্রযাত্রার অন্যতম ভিত্তি,’ বলেন অমিত।

অনুষ্ঠানে সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, 'দেশরক্ষা ছাড়াও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বহির্বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রয়োজন হলে জীবন উৎসর্গ করে হলেও আমরা যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারি, সেই দোয়া চাই।'

বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির কমান্ডার ও এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল এএসএম শামীমুল ইসলাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে আজকের দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করেন। মাত্র একটি প্লেন ও একটি হেলিকপ্টার নিয়ে বিমানসেনারা যেভাবে একটি আধুনিক সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন, তা বিশ্বে নজিরবিহীন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানটি যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরে তা হলরুমে স্থানান্তর করা হয়। সেখানে সেনাসদস্য এবং সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে যশোরের চারজন সংসদ সদস্য, রাজনীতিক, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, সেনাবাহিনী যশোর এরিয়ার অধীনস্থ এলাকার জেলাসমূহের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বেসামরিক কর্মকর্তা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমের নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)